ফরিদপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদক সেবনের অপরাধে ৭ জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়, ফরিদপুরের একটি চৌকস দল এই বিশেষ অভিযান পরিচালনা করে। অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলার বিভিন্ন এলাকায় মাদক সেবনের আখড়া ও সন্দেহভাজন স্থানে একযোগে এই অভিযান চালানো হয়। অভিযানে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে ওই ৭ জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে মাদক সেবনের বেশ কিছু সরঞ্জামও জব্দ করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফরিদপুর কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। জেলা জুড়ে মাদকের বিস্তার রোধ, চোরাচালান বন্ধ এবং তরুণ সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে এই ধরনের কঠোর অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।