ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় আমির শেখ (২৪) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আজ বৃহস্পতিবার ২৫ জুন সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ঘোষপুর ইউনিয়নের পাইকহাটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আমির শেখ পাইকহাটি গ্রামের সিরাজ শেখের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, আমির শেখ দীর্ঘ নয় মাস সৌদি আরবে অবস্থান করার পর প্রায় সাত-আট মাস আগে দেশে ফিরে আসেন। দেশে ফেরার পর আর্থিক সংকট ও ঋণের চাপ নিয়ে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। এ নিয়ে গতকাল স্ত্রী ও পরিবারের সদস্যদের সঙ্গে তার কথা কাটাকাটি ও ঝগড়া হয়। পরিবারের সদস্যরা জানান, আমির শেখ নিজ ঘরে অবস্থান করছিলেন। একপর্যায়ে তার বোন নার্গিস মোবাইল ফোনের চার্জার খুঁজতে গিয়ে ঘরের দরজা বন্ধ দেখতে পান। বারবার ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে স্থানীয় লোকজনকে খবর দেন। পরে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে দেখা যায়, তিনি ঘরের আড়ার সঙ্গে নাইলনের দড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছেন। স্থানীয়রা তাকে নামিয়ে উঠানে শুইয়ে রাখেন। খবর পেয়ে বোয়ালমারী থানার এসআই মোহাম্মদ আহাদুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন এবং ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠান পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।