ফরিদপুরের কানাইপুর স্কুল অ্যান্ড কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার ২৫ জুন সকালে কলেজের ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কানাইপুর স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুলতানা কবীর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি মো. সাইফুল আলম কামাল এবং সাবেক প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শাহ মো. শাহজাহান মোল্লা।

কলেজের প্রভাষক উত্তম কুমার সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের পরিচালক ডা. বরুণ কুমার দত্ত। এ সময় আরও বক্তব্য রাখেন প্রভাষক (আইসিটি) আবু আহমেদ সায়েম, শিক্ষক মো. দেলোয়ার হোসেন, এইচএসসি পরীক্ষার্থী হাসান গাজী ও মোসা. সালেহা। বক্তারা পরীক্ষার্থীদের উদ্দেশে বলেন, সুশৃঙ্খল প্রস্তুতি, আত্মবিশ্বাস ও কঠোর পরিশ্রমের মাধ্যমে তারা ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হবে। তারা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং দেশ ও জাতির কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। অনুষ্ঠানের শেষে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে প্রবেশপত্র বিতরণ করা হয়। পরে তাদের সফলতা ও মঙ্গল কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন স্কুল শাখার ধর্মীয় শিক্ষক মো. রুহুল আমিন।