ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি এবং তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে ফরিদপুরে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের অংশগ্রহণে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
মমিন খার হাট ক্রীড়া ও সমাজ কল্যাণ সংঘের আয়োজনে গতকাল মঙ্গলবার ২৩ জুন বিকেল ৫টায় মাধবদিয়া ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলাটি ঘিরে শিক্ষার্থী, ক্রীড়াপ্রেমী ও স্থানীয় দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।


বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়া ব্যক্তিত্ব এম. আতিকুর রহমান আতিকের সভাপতিত্বে এবং ক্রীড়া অনুরাগী তানভীর রহমান নাহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মমিন খার হাট ক্রীড়া ও সমাজ কল্যাণ সংঘের সভাপতি এম. ফরহাদ মিয়া, সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হুসাইন, হাজী আবুল হোসেন কলেজের অধ্যক্ষ ফয়সাল ইবনে মোস্তফা, মাধবদিয়া ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর জব্বার, আল আরাফাত প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক এস.এ. আনোয়ার হোসেন সবুজ, আব্দুল আলিম, জুয়েল রানা, মো. রায়হানসহ এলাকার ক্রীড়ানুরাগীরা।


আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে তরুণদের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্যের বন্ধন আরও সুদৃঢ় করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। পাশাপাশি এমন আয়োজন তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ বিনোদন ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে সহায়ক ভূমিকা রাখবে।


রোমাঞ্চকর এ ম্যাচে নির্ধারিত সময়ে আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীকে ৩-১ গোলের ব্যবধানে পরাজিত করে ব্রাজিল সমর্থক গোষ্ঠী বিজয় অর্জন করে। খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি বিতরণ করা হয়। এছাড়া ম্যান অব দ্য ম্যাচ, সেরা গোলদাতা এবং সেরা গোলরক্ষককে বিশেষ ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। আয়োজকরা ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।