বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের উত্তর গৌরিপুর এলাকায় ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য ইলিয়াস মোল্লার বিশেষ বরাদ্দে নির্মিত একটি সড়কের উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার ২৪ জুন উত্তর গৌরিপুরের ওমর মোল্লার বাড়ি থেকে ডা. ইমনের বাড়ি পর্যন্ত সড়কের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্যের পক্ষে বোয়ালমারী উপজেলা জামায়াতের সাবেক আমীর ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বোয়ালমারী পৌর জামায়াতের সেক্রেটারি ও পৌর মেয়র পদপ্রার্থী সৈয়দ সাজ্জাদ আলী, ময়না ইউনিয়ন জামায়াতের আমীর ও ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আবু জাফর সিদ্দিকীসহ স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী।

উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা বলেন, সড়কটি নির্মিত হওয়ায় এলাকার মানুষের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ লাঘব হবে। শিক্ষা, স্বাস্থ্যসেবা ও ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে স্থানীয় জনগণ এর সুফল ভোগ করবে। তারা আরও বলেন, গ্রামীণ অবকাঠামো উন্নয়নের মাধ্যমে এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং জনসাধারণের জীবনমান উন্নয়নে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।