ফরিদপুরে ঘাস মারার ওষুধ পান করে চিকিৎসাধীন অবস্থায় আছিরোন (৯০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ২৩ জুন সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত আছিরোন সদরপুর উপজেলার হাট কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা এবং খোরসেদ সেখের স্ত্রী। জানা যায়, গতকাল সোমবার ২২ জুন সকাল সাড়ে ১১টার দিকে শারীরিক অসুস্থতার কারণে ওষুধ মনে করে ভুলবশত ঘাস মারার ওষুধ পান করেন আছিরোন। বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার ২৩ জুন সকাল সাড়ে ৬টার দিকে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার ব্যাপারে কোতয়ালি থানাকে অবহিত করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।