ফরিদপুর সদর উপজেলার বাখুন্ডা ক্লাস্টারের তাম্বুলখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সানজিদা আক্তার জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী প্রাথমিক শিক্ষক হিসেবে মনোনীত হয়েছেন। জানা গেছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ফরিদপুর জেলার বিভিন্ন ক্যাটাগরিতে চলতি বছরে মোট ১৭ জন শ্রেষ্ঠত্ব অর্জনকারীর নাম ঘোষণা করেছে। গত ২১ মে জেলা প্রশাসক ও বাছাই কমিটির সভাপতি মাজহারুল ইসলাম এ তালিকা প্রকাশ করেন। শিক্ষার্থীদের উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এ সম্মাননা অর্জন করেছেন বলে জানিয়েছেন বাছাই কমিটির সদস্য সচিব ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মহিউদ্দিন। প্রতিক্রিয়ায় সানজিদা আক্তার বলেন, “একজন শিক্ষক তখনই শ্রেষ্ঠ হয়ে উঠেন, যখন তার বিদ্যালয়, বিদ্যালয়ের পরিবেশ, প্রধান শিক্ষক এবং সহকর্মীরা শ্রেষ্ঠ হন। আমার এ অর্জনের পেছনে পরিবার ও বিদ্যালয়ের সবার অবদান রয়েছে। এটি একটি সম্মিলিত প্রচেষ্টার ফল। এজন্য আমি সবার প্রতি কৃতজ্ঞ।”