ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ভোরে লড়ি ও মালবাহী মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন গুরুতর আহত হয়েছেন।
আজ শনিবার ২৩ মে সকাল আনুমানিক ৭টার দিকে ভাঙ্গা থানাধীন চুমুরদী ইউনিয়নের বাবনাতলা এলাকায় ভাঙ্গা–বরিশালগামী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঝালকাঠি-শ-১১-০০৫১ নম্বরের একটি লড়ি এবং ঢাকা মেট্রো-ড-১৪-৫৬৩৬ নম্বরের মালবাহী মিনি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে মিনি ট্রাকের চালক মো. তৈয়াবুর রহমান (৩০) এবং দুই যাত্রী রুজি আক্তার ঝরনা (৪৫) ও রহিমা বেগম (৬৫) গুরুতর আহত হন। আহতদের বাড়ি ফরিদপুর ও গোপালগঞ্জ জেলায় বলে জানা গেছে। দুর্ঘটনার খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। এদিকে ভাঙ্গা হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রেকারের সহায়তায় দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি উদ্ধার করে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।