ফরিদপুর শহরের টেপাখোলা লেকপার কাঁচা বাজার সংলগ্ন এলাকায় হযরত সোলায়মান (রা.) ল্যাংটা বাবার ১৯তম পবিত্র ওরস মোবারক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ২১ মে রাত আনুমানিক ১০টার দিকে এ ওরস মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফরিদপুরের ল্যাংটা বাবার ভক্তবৃন্দের পরিচালক মোঃ কামাল শেখের নেতৃত্বে অনুষ্ঠানের সার্বিক কার্যক্রম পরিচালিত হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে তবারক বিতরণ করা হয় এবং ভক্তদের উপস্থিতিতে এলাকা মুখরিত হয়ে ওঠে। ওরস উপলক্ষে ভান্ডারী গানেরও আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ঢাকা থেকে আগত শিল্পী রুমা আক্তার ও সোমা আক্তার এবং নড়াইল থেকে আগত সুমি আক্তার। অনুষ্ঠানে ল্যাংটা বাবার ভক্তবৃন্দ, কাঁচা বাজারের ব্যবসায়ীসহ স্থানীয় ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।