রাজবাড়ী জেলার সদর থানার কাহারপাড়া এলাকা থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। এ ব্যাপারে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় গতকাল রবিবার ৩ মে দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটে র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন ইমরুল হাসান মধু (৪৪)। তিনি রাজবাড়ী জেলার সদর উপজেলার ভবাণীপুর এলাকার বাসিন্দা এবং হাজী আব্দুস সাত্তারের ছেলে। ‍তিনি কুষ্টিয়া জিআর মামলা নং-৩৩১/১৯ এর আসামি। ওই মামলায় ১৯১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় তাকে ১ বছরের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। গ্রেফতারের পর তাকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।