কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নাশকতা ও নৈরাজ্য সৃষ্টির অপতৎপরতা প্রতিহত করতে ফরিদপুরের ভাঙ্গায় বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থান নিয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ।

শনিবার (২৮ নভেম্বর) ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

কর্মসূচির অংশ হিসেবে ভাঙ্গা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়ে এলাকার সার্বিক পরিস্থিতির ওপর নজর রাখেন নেতাকর্মীরা। এ সময় তাঁরা এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের নাশকতা ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
কর্মসূচির আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, ‘জেগে আছে ভাঙ্গা, সজাগ আছে ভাঙ্গা।’ ভাঙ্গার মাটিতে কোনো অপশক্তিকে মাথা তুলে দাঁড়াতে দেওয়া হবে না। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং নাশকতা ও নৈরাজ্য সৃষ্টির যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে ভাঙ্গার মানুষ ঐক্যবদ্ধ রয়েছে।
তাঁরা আরও জানান, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং এলাকার স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সব সময় সজাগ রয়েছেন। যেকোনো পরিস্থিতিতে স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে তাঁরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
এ কর্মসূচির মাধ্যমে ভাঙ্গায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং সম্ভাব্য অপতৎপরতা প্রতিরোধে নিজেদের সতর্ক অবস্থানের কথা জানান দেন উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষ।