কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের জ্বালাও-পোড়াও, নাশকতা এবং দেশব্যাপী ঘোষিত ৪৮ ঘণ্টার লকডাউনের প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ মিছিল, মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (২৮ নভেম্বর) রাত ১০টা ২০ মিনিটের দিকে ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড়ে এই কর্মসূচি পালিত হয়।
এর আগে শহরের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীদের একাধিক খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা এসে জনতা ব্যাংকের মোড়ে মিলিত হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ এবং জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন।
 বক্তারা অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে দেশে পুনরায় বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। জ্বালাও-পোড়াও, নাশকতা এবং দেশব্যাপী ৪৮ ঘণ্টার লকডাউনের তীব্র প্রতিবাদ জানিয়ে তারা সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এ ছাড়া নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার নির্দেশ দেন তারা।
কর্মসূচিতে জেলা বিএনপি, মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।