ফরিদপুরে আনুষ্ঠানিকভাবে ‘কাজী হাসানুজ্জামান নির্ঝর স্মৃতি সংঘ’-এর ক্রিকেট অনুশীলন শুরু হয়েছে। আসন্ন ফরিদপুর জেলা ক্রিকেট লিগে অংশগ্রহণের লক্ষ্যে খেলোয়াড়দের প্রস্তুতিমূলক এই অনুশীলন কার্যক্রম শুরু করা হয়।
উদ্যোক্তারা জানান, স্বেচ্ছাসেবী এই সংগঠনটি কেবল ক্রীড়াঙ্গনেই সীমাবদ্ধ থাকবে না; বরং খেলাধুলার পাশাপাশি জেলার বিভিন্ন সামাজিক ও মানবিক সেবামূলক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা পালন করবে।
সংগঠনের সভাপতি ও সাবেক ক্রিকেটার মোসাব্বির হাসান নিবীড় অনুশীলন কার্যক্রম প্রসঙ্গে বলেন, “সংগঠনের প্রতিটি ভালো উদ্যোগ ও কার্যক্রমে আমি আমার সাধ্যমতো অংশগ্রহণ ও সহযোগিতা করে যাব।” এ সময় তিনি তাঁর প্রয়াত বাবার রুহের মাগফেরাত কামনা করে ফরিদপুরবাসীসহ সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
উল্লেখ্য, আসন্ন ফরিদপুর জেলা ক্রিকেট লিগে অংশগ্রহণের মধ্য দিয়েই ‘কাজী হাসানুজ্জামান নির্ঝর স্মৃতি সংঘ’-এর আনুষ্ঠানিক পথচলা শুরু হতে যাচ্ছে। ক্রীড়ার মানোন্নয়নের পাশাপাশি সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং বিভিন্ন সেবামূলক কাজে এগিয়ে আসার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন সংগঠনটির সংশ্লিষ্টরা।