উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ ও সমাজসেবক ইউসুফ আলী চৌধুরী (মোহন মিয়া)-এর ৫৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফরিদপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) শহরের ঐতিহ্যবাহী ময়েজ মঞ্জিল জামে মসজিদ ও বাসভবনে এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। মরহুম চৌধুরী মোহন মিয়া ফরিদপুর-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফের পিতা এবং বর্তমান সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফের দাদা।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, শহর বিএনপির সাবেক সভাপতি মো. রেজাউল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তানভীর চৌধুরী রুবেল, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর মিজানুর রহমান মিনাল এবং এম টি আক্তার মিতুল।
এ ছাড়াও ফরিদপুর জেলা ও মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
অনুষ্ঠানে মরহুম চৌধুরী মোহন মিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক ও সমাজসেবামূলক জীবনের কথা স্মরণ করা হয় এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।