জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে ফরিদপুরে আয়োজিত প্রাণিসম্পদ প্রদর্শনী মেলায় হাঁস-মুরগি ও প্রযুক্তি ক্যাটাগরিতে প্রথম ও তৃতীয় স্থান অর্জন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি)। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে এই মেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত মেলায় এসডিসির অ্যাগ্রো-মাইক্রোএন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট (এএমডি) ইউনিট এবং লাইভস্টক রিস্ক মিটিগেশন প্রোগ্রাম (এলআরএমপি) প্রকল্পের যৌথ উদ্যোগে দৃষ্টিনন্দন স্টল সাজানো হয়।
এসডিসির স্টলে দর্শনার্থীদের জন্য বিদেশি ও উন্নত জাতের ব্রাহামা, সিল্কি ও সুলতান জাতের মুরগি এবং কোয়েল প্রদর্শন করা হয়। পাশাপাশি খামারিদের আধুনিকায়নে পোল্ট্রি ও ডেইরি খামারে আইওটি (IoT) প্রযুক্তির ব্যবহার, সোলার ও গ্রিন ফার্মিং, দেশি মুরগি পালনের আধুনিক মডেল, এগ ক্লিনিং মেশিন, দুগ্ধজাত পণ্য এবং বিভিন্ন আধুনিক কৃষি-প্রাণিসম্পদ প্রযুক্তি তুলে ধরা হয়।
এর আগে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম। উদ্বোধনের পর তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং এসডিসির স্টলে প্রদর্শিত আধুনিক খামার প্রযুক্তি ও বাস্তবায়িত কার্যক্রম সম্পর্কে বিশেষ আগ্রহ প্রকাশ করেন।
প্রদর্শনী চলাকালে এসডিসির স্টল পরিদর্শন করেন সংস্থাটির সহকারী পরিচালক এস এম মঈন মুর্শেদ ও ফ্যাসিলিটেটর সুকান্ত চন্দ্র রায়। স্টলের সার্বিক কার্যক্রম তদারকি করেন ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. বিপ্লব কুমার মোহন্ত এবং প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মিরাজুল ইসলাম।