সারাদেশে সন্ত্রাস, নাশকতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর জেলা শাখা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জনতা ব্যাংক মোড়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিকেলে শহরের আলিপুর কবরস্থানের সামনে থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি লাভলু মিয়া সড়ক ও ফরিদপুর প্রেসক্লাবের সামনে দিয়ে প্রদক্ষিণ করে জনতা ব্যাংক মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে জেলা ও উপজেলা পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

জেলা জামায়াতের আমির ইমতিয়াজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল ওহাবের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন—বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য ও সাবেক জেলা আমির মাওলানা মো. বদর উদ্দিন, জেলা নায়েবে আমির মাওলানা মো. জসিম উদ্দিন ও আবু হারিস মোল্লা, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. আবুল বাশার এবং ইসলামী ছাত্রশিবির ফরিদপুর শহর শাখার সভাপতি মুয়াজবিল্লাহ।
সমাবেশে বক্তারা সরকারের প্রতি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি দমন এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

এ সময় নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করলে দেশের ৭০ শতাংশ জনগণকে সঙ্গে নিয়ে তা বাস্তবায়নে বাধ্য করা হবে। জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সরকারের সঙ্গে কোনো রাজনৈতিক সমঝোতা হবে না।” পাশাপাশি গণভোটের গণরায় মেনে নেওয়ার জন্যও তাঁরা সরকারের প্রতি জোর দাবি জানান।
বক্তারা অভিযোগ করেন, একটি ফ্যাসিবাদী সংগঠন পার্শ্ববর্তী রাষ্ট্রে বসে দেশের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। বিগত ১৭ বছর ধরে তারা দেশের মানুষের ওপর যে অত্যাচার ও নিপীড়ন চালিয়েছে, ভবিষ্যতে আর সেই সুযোগ দেওয়া হবে না। সব ধরনের ষড়যন্ত্র রাজনৈতিকভাবে প্রতিহত করতে নেতাকর্মী ও দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জামায়াত নেতারা।