সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধ, বিকল্প ব্যবস্থা ছাড়া হকার উচ্ছেদ না করা এবং গার্মেন্ট শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে ফরিদপুরে বিক্ষোভ সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।

বুধবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড়ে কেন্দ্রীয় ঘোষিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ফরিদপুর জেলা কমিটির সভাপতি ও গণতান্ত্রিক যুক্তফ্রন্টের সমন্বয়ক কমরেড রফিকুজ্জামান লায়েকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সিপিবি ফরিদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক অরুণ কুমার শীল, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক কমরেড আব্দুল কাদের আজাদ, বাসদের নেতা কমরেড সজল বাড়ৈই এবং রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়ন ফরিদপুর জেলা কমিটির সভাপতি মো. দেলোয়ার হোসেন।

সমাবেশে বক্তারা বলেন, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে বিকল্প কর্মসংস্থান ও পুনর্বাসনের ব্যবস্থা না করে হকারদের উচ্ছেদ করা যাবে না। গার্মেন্ট শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে মজুরি বৃদ্ধির দাবিও জানান তাঁরা।

বক্তারা আরও বলেন, হকারদের জীবিকা রক্ষায় উচ্ছেদের আগে তাঁদের জন্য বিকল্প ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন। শ্রমজীবী মানুষের জীবন-জীবিকার সুরক্ষা এবং শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর উদ্যোগ নিতে হবে।

সমাবেশ থেকে সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধ, বিকল্প ব্যবস্থা ছাড়া হকার উচ্ছেদ না করা এবং গার্মেন্ট শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।

কেন্দ্রীয় ঘোষিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ সমাবেশে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নেতাকর্মী, শ্রমিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।