ফরিদপুর পৌরসভার ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কর্মসূচি পালন করেছেন ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও পৌরসভার মেয়র প্রার্থী এ এফ এম কাইয়ুম জঙ্গী।
মঙ্গলবার (২৪ নভেম্বর) শহরের রেলস্টেশন, রেলস্টেশন বাজার ও লক্ষ্মীপুর এলাকায় এই কর্মসূচি পরিচালিত হয়। এ সময় ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন ওষুধ ছিটানোর পাশাপাশি সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফরিদপুর মহানগর বিএনপির সদস্যসচিব গোলাম মোস্তফা মিরাজ। এ ছাড়া স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ দলীয় অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং এলাকার সাধারণ বাসিন্দারা এতে অংশ নেন।
কর্মসূচি চলাকালে নেতৃবৃন্দ ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ বাড়ির আঙিনা ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও যেন বৃষ্টির বা জমে থাকা পানি না থাকে সেদিকে খেয়াল রাখা এবং মশার বংশবিস্তার রোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে সচেতন হওয়ার আহ্বান জানান।