ফরিদপুরের ভাঙ্গায় নিহত উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ভাঙ্গা উপজেলা বিএনপির উদ্যোগে নুরুল্ল্যাগঞ্জ ইউনিয়নের বাকপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা এবং সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল ইসলাম বিটু মুন্সী। এ ছাড়া উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এতে অংশ নেন।
দোয়া মাহফিলে মরহুম রাজু মোল্লার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান উপস্থিত নেতৃবৃন্দ।