আলোচনার মাধ্যমে কোনো চুক্তিতে পৌঁছাতে না পারলে নতুন বছরের পর ইরানের বিরুদ্ধে আবারও বড় ধরনের সামরিক অভিযান শুরু হতে পারে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে তেহরানের সামরিক সরবরাহ ও অস্ত্র আমদানির বিকল্প পথগুলো পুরোপুরি বন্ধ করতে স্থলসীমান্ত ও কাস্পিয়ান সাগরকে ঘিরে ‘টাস্কফোর্স আয়রন গেট’ নামে একটি বিশেষ বাহিনী গঠন করেছে যুক্তরাষ্ট্র।
মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় না এলে নতুন বছরের পর ইরানকে ফের সামরিক পদক্ষেপের মুখে পড়তে হবে।
এর আগে, গত আট মাস ধরে চলা সংঘাতের মধ্যে ইরানের সমুদ্রবন্দরগুলোতে মার্কিন নৌ-অবরোধ আরও জোরদার করতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) প্রায় ২০ সদস্যের এই বিশেষ টাস্কফোর্স গঠনের ঘোষণা দেয়। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ট্যাম্পা সদর দপ্তর থেকে পরিচালিত এই ইউনিটটি মার্কিন সরকারের অন্যান্য গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করছে।
সেন্টকম ও হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, এত দিন হরমুজ প্রণালি ও আরব সাগরে নৌ-অবরোধের মাধ্যমে ইরানের তেল রপ্তানি ও সমুদ্রপথের বাণিজ্য সংকুচিত করেছিল ওয়াশিংটন। তবে এর বিপরীতে তেহরান স্থলসীমান্ত ও কাস্পিয়ান সাগরের নৌপথ ব্যবহার করে রাশিয়া, মধ্য এশিয়া ও চীন থেকে সামরিক সরঞ্জাম ও বিস্ফোরক আমদানি অব্যাহত রেখেছে—এমন তথ্যের ভিত্তিতেই ‘টাস্কফোর্স আয়রন গেট’ চালু করা হয়েছে। এর মূল লক্ষ্য হলো ইরানের সীমান্ত দিয়ে অত্যাধুনিক অস্ত্র, দ্বৈত ব্যবহারযোগ্য প্রযুক্তি (ডুয়াল-ইউজ টেকনোলজি), নিষেধাজ্ঞার আওতাভুক্ত পণ্য এবং অবৈধ অর্থের প্রবাহ শনাক্ত ও বিচ্ছিন্ন করা।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, নতুন এই পদক্ষেপের ফলে ইরানে বাইরে থেকে কোনো কিছু প্রবেশ করা বা বের হওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে এবং দেশটি কার্যত অবরুদ্ধ হয়ে গেছে।
তবে ইরানের ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) যুক্তরাষ্ট্রের এই নতুন টাস্কফোর্সকে ‘কেবলই কথার কথা’ বলে উড়িয়ে দিয়েছে। এছাড়া আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, ইরানের সাতটি দেশের সঙ্গে বিস্তৃত স্থলসীমান্ত এবং প্রতিবেশী দেশগুলোর (যেমন: ইরাক, তুরস্ক, পাকিস্তান ও আজারবাইজান) পূর্ণ সহযোগিতা ছাড়া ছোট এই গোয়েন্দা ইউনিটের পক্ষে তেহরানের সরবরাহ নেটওয়ার্ক পুরোপুরি বন্ধ করা কঠিন হতে পারে। বরং কাস্পিয়ান সাগরে রুশ জাহাজ বা প্রতিবেশী দেশের সীমান্তে হস্তক্ষেপ করতে গেলে আঞ্চলিক সংঘাত আরও বিস্তৃত হওয়ার ঝুঁকি রয়েছে।