দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ও নাশকতামূলক পরিস্থিতি প্রতিরোধে ঢাকাসহ আট জেলায় ১০১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এর মধ্যে কেবল গোপালগঞ্জ জেলাতেই দুই ব্যাটালিয়ন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশক্রমে গোপালগঞ্জে দুই ব্যাটালিয়ন ছাড়াও রাজধানী ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজার জেলায় এসব বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। মোতায়েনকৃত সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে মাঠে দায়িত্ব পালন করছেন।
বিজিবি সদর দপ্তর আরও জানায়, সংশ্লিষ্ট জেলাগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও স্পর্শকাতর এলাকাগুলোতে নিরাপত্তা ও টহল জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড কঠোরভাবে প্রতিরোধে বাহিনী সচেষ্ট রয়েছে।
মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে সার্বক্ষণিক প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। এর অংশ হিসেবে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রাপ্ত সরাসরি ভিডিও ফুটেজ নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।
সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষা ও সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ পেশাদারত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।