পদোন্নতিজনিত কারণে ফরিদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলামকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে উপজেলা অফিসার্স ক্লাব। দায়িত্ব পালনকালে তাঁর সততা, নিষ্ঠা ও কর্মদক্ষতার প্রশংসা করে বিদায়ী অনুষ্ঠানে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সোমবার (২৩ নভেম্বর) বেলা ১২টার দিকে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেশকাতুল জান্নাত রাবেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আনোয়ার হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ইকবাল হাসান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রণব পাণ্ডে, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ দেলোয়ার হোসেনসহ সদর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মো. শফিকুল ইসলাম ফরিদপুর সদর উপজেলায় দায়িত্ব পালনকালে সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন। তাঁর আন্তরিকতা, দায়িত্বশীলতা ও কর্মদক্ষতার মাধ্যমে তিনি সহকর্মীদের পাশাপাশি উপজেলাবাসীর সঙ্গেও সুসম্পর্ক গড়ে তুলেছেন।

বক্তারা আরও বলেন, তাঁর কর্মদক্ষতা ও দায়িত্ব পালনের অভিজ্ঞতা প্রশাসনিক কর্মকাণ্ডে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। তাঁর পদোন্নতি পেশাগত জীবনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।

অনুষ্ঠানে বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলামের ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।