ফরিদপুরে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ বিক্রি ও বাজারজাতকরণের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠান থেকে প্রায় ১৪ কেজি পলিথিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রতিষ্ঠান দুটিকে মোট ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) ফরিদপুর সদর উপজেলার বিভিন্ন বাজারে জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পার্থ প্রতীম মন্ডল। এ সময় পরিবেশ অধিদপ্তর ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. জিহাদ হোসেন।

অভিযান সূত্রে জানা যায়, টেপাখোলা বাজারের মেসার্স সুভাষ সাহা স্টোর থেকে ৭ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, বিলমামুদপুর বায়তুল আমানের পাট্রাদার ট্রেডার্স থেকে আরও ৭ কেজি পলিথিন জব্দ করা হয়। এ প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬ক ধারা লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে এ জরিমানা করা হয়। অভিযানে সর্বমোট ১৪ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ এবং ৬ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ দূষণ রোধ এবং নিষিদ্ধ পলিথিনের বিক্রি, মজুদ, ব্যবহার ও বাজারজাতকরণ বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।