“অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জন আসামি”

ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরীকে প্রধান আসামি করা হয়েছে। মামলায় তাঁর নামসহ ৯৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।
নিহত রাজু মোল্লার স্ত্রী রিয়া বেগম বাদী হয়ে গত ২২ নভেম্বর ভাঙ্গা থানায় মামলাটি করেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান।
মামলার এজাহার ও বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ১৭ নভেম্বর ভাঙ্গার হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় হামলায় গুরুতর আহত হয়ে মারা যান রাজু মোল্লা। ঘটনার পাঁচ দিন পর এ মামলা করা হয়।
যেভাবে ঘটনার সূত্রপাত:-
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে মোটরসাইকেলে ভাঙ্গার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন রাজু মোল্লা। পথে হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে তাঁর মোটরসাইকেলের গতিরোধ করেন এজাহারভুক্ত আসামিরা ও অজ্ঞাতনামা ব্যক্তিরা।
এজাহারে অভিযোগ করা হয়েছে, প্রধান আসামি নিক্সন চৌধুরীর নির্দেশনা ও অর্থায়নে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মহাসড়ক অবরোধ করেন। এ সময় তাঁরা মশাল জ্বালিয়ে দেশীয় অস্ত্র নিয়ে রাজু মোল্লার ওপর হামলা চালান।
অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা রাজুকে মোটরসাইকেল থেকে নামিয়ে মারধর করেন। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাঁকে গুরুতর আহত করা হয়। পরে তাঁকে সড়কে টেনেহিঁচড়ে নেওয়া হয়।
এজাহারে যাদের নাম প্রকাশিত:-
একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত এজাহারের বিবরণে রাজু মোল্লাকে মারধর ও আঘাত করার অভিযোগে কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।
তাঁরা হলেন—
মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন — প্রধান আসামি। শাহাদাৎ খয়রাতি (৪১) — ভাঙ্গা পৌরসভার হাজরাহাটি এলাকার বাসিন্দা। আল আমিন (৪৫) — হামিরদী এলাকার বাসিন্দা। আসিবুর রহমান ফারহান (৪২) — ভাঙ্গা পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক। আশিকুজ্জামান (৩৬) — নিষিদ্ধ ছাত্রলীগের ভাঙ্গা উপজেলা কমিটির আহ্বায়ক। বালা মিয়া (৪৬)। কামাল (৪৫)। বেলায়েত মুন্সী (৩৮)।
এজাহার অনুযায়ী, ২ নম্বর আসামি শাহাদাৎ খয়রাতি ধারালো সড়কি দিয়ে রাজুর কোমরের ডান পাশে আঘাত করেন। অন্য কয়েকজন আসামির বিরুদ্ধে তাঁকে মারধর ও সড়কে টেনেহিঁচড়ে নেওয়ার অভিযোগ আনা হয়েছে।
হামলার পর যা ঘটে:-
এজাহারে আরও অভিযোগ করা হয়েছে, ঘটনার সময় রাজু মোল্লার মোটরসাইকেলসহ আরও দুটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। এ ছাড়া ককটেল বিস্ফোরণ, চলন্ত বাসে ভাঙচুর এবং পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুরুতর আহত রাজু মোল্লাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত ৯টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত রাজু মোল্লা ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আক্তার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন।
পুলিশের বক্তব্য:-
ভাঙ্গা থানার ওসি মো. মিজানুর রহমান জানান, রাজু মোল্লা হত্যা মামলায় নিক্সন চৌধুরীসহ ৯৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।
মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মিজানুর রহমানকে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে বলে জানিয়েছে পুলিশ।
নিহতের পরিবারের বিচার দাবি:-
রাজু মোল্লার স্ত্রী রিয়া বেগম তাঁর স্বামী হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন।
শনিবার ২১ নভেম্বর নিহতের গ্রামের বাড়িতে গিয়ে তাঁর কবর জিয়ারত করেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় স্থানীয় সংসদ সদস্য শহীদুল ইসলাম বাবুল নিহতের পরিবারের খোঁজখবর নেন এবং হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার আশ্বাস দেন।