ফরিদপুর শহরের গোয়ালচামটে অবস্থিত ঐতিহ্যবাহী শ্রীধাম শ্রী অঙ্গনের উদ্যোগে পবিত্র দামোদর মাস বা নিয়ম সেবা মাস উপলক্ষে বর্ণাঢ্য ও ভাবগাম্ভীর্যপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সনাতন হিন্দুধর্মের বৈষ্ণবীয় পরম্পরা অনুযায়ী, পবিত্র কার্তিক মাসকে ‘দামোদর মাস’ বা ‘নিয়ম সেবা মাস’ হিসেবে পালন করা হয়। মাসব্যাপী এই সময়ে সনাতন ধর্মাবলম্বী ভক্তরা সংযম, নাম-সংকীর্তন, প্রার্থনা, প্রদীপ প্রজ্বালন এবং নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দামোদর রূপের বিশেষ আরাধনা করে থাকেন।
আয়োজনের সমাপনী পর্বে বিশ্বশান্তি ও মানবকল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা, মঙ্গল প্রদীপ প্রজ্বালন এবং চন্দ্রদেবের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন ও প্রার্থনা করা হয়। শাস্ত্রীয় ও ধর্মীয় বিভিন্ন আচার-অনুষ্ঠান পালনের মধ্য দিয়ে মাসব্যাপী এই আয়োজনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে শ্রীধাম শ্রী অঙ্গনের সাধু-সন্ত ও কর্মকর্তাবৃন্দসহ ফরিদপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা বিপুলসংখ্যক ভক্ত ও পুণ্যার্থী উপস্থিত ছিলেন।
