ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ ও এর ছাত্রীনিবাস পরিদর্শন করেছেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। রোববার (২২ নভেম্বর) কলেজ পরিদর্শনকালে তিনি ছাত্রীনিবাসের সার্বিক পরিবেশ ঘুরে দেখেন এবং আবাসিক ছাত্রীদের সঙ্গে মতবিনিময় করেন।
সংসদ সদস্য কলেজ প্রাঙ্গণে পৌঁছালে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরিদর্শনকালে কলেজের অধ্যক্ষ অধ্যাপক এস এম শহিদুল ইসলাম, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এছাড়াও মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ এবং সাধারণ সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুণসহ স্থানীয় নেতৃবৃন্দ এ সময় তাঁর সঙ্গে ছিলেন।

ছাত্রীনিবাস পরিদর্শনকালে সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আবাসিক শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন। তিনি ছাত্রীদের আবাসন ব্যবস্থার বর্তমান অবস্থা, নিরাপত্তা এবং দৈনন্দিন বিভিন্ন সুযোগ-সুবিধা ও সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন।
শিক্ষার্থীদের বক্তব্য শোনার পর সংসদ সদস্য তাঁদের নিরাপত্তা, মানসম্মত আবাসন সুবিধা এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন। এ সময় তিনি শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ এবং কলেজের শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।