ফরিদপুরের কানাইপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ শুক্রবার রাতে শেষ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজা। স্থানীয় সাহাপাড়া ঘাট ও পার্শ্ববর্তী কুমার নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এবারের উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে বলে আয়োজক সূত্রে জানা গেছে।
এ বছর কানাইপুরের মোট সাতটি মন্দিরে জাঁকজমকপূর্ণভাবে কাত্যায়নী পূজা অনুষ্ঠিত হয়েছে। মন্দিরগুলো হলো—ইব্রাহিমদী শ্মশানঘাট (উত্তরপাড়া), কানাইপুর সাহাপাড়া, কানাইপুর পূর্বপাড়া, হোগলাকান্দি সার্বজনীন দুর্গামন্দির, মালাঙ্গা বোস বাড়ি, ভাটি কানাইপুর পূর্বপাড়া এবং ভাটি কানাইপুর পশ্চিমপাড়া।
পূজা চলাকালে প্রতিদিন বিকেল থেকে গভীর রাত পর্যন্ত ফরিদপুর শহর ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে অসংখ্য ভক্ত ও দর্শনার্থী প্রতিমা দর্শন করতে কানাইপুরে ভিড় জমান। গভীর রাত পর্যন্ত ভক্তদের পদচারণায় পুরো এলাকায় এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
উল্লেখ্য, মাগুরার পর দেশের অন্যতম বৃহৎ ও আকর্ষণীয় কাত্যায়নী পূজার আয়োজন হিসেবে ইতোমধ্যেই পরিচিতি লাভ করেছে ফরিদপুরের কানাইপুর। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে এই ধর্মীয় ও সামাজিক মিলনমেলা।