কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিরুদ্ধে জ্বালাও-পোড়াও, ষড়যন্ত্র ও নাশকতার অভিযোগ তুলে ফরিদপুরে মোটরসাইকেল শোডাউন ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা যুবদল।

বুধবার (১৮ নভেম্বর ২০২৬) রাতের দিকে ফরিদপুর জেলা যুবদলের উদ্যোগে শহরের কাঠপট্টি এলাকা থেকে একটি মোটরসাইকেল শোডাউন বের করা হয়। শোডাউনটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ভাঙ্গা রাস্তার মোড়ে গিয়ে শেষ হয়।

পরে সেখানে আয়োজিত সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন। সমাবেশ সঞ্চালনা করেন জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহীদ।

সমাবেশে বক্তারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের জ্বালাও-পোড়াও, ষড়যন্ত্র ও নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে তাঁরা দেশের শান্তি, স্থিতিশীলতা ও জননিরাপত্তা রক্ষায় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান।

এ সময় জেলা যুবদল এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।