নাশকতাসহ একাধিক মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম হিরু (বীর প্রতীক) গ্রেফতার হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-০১-এর দায়িত্বপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার (এএসপি) লুৎফারের নেতৃত্বে একটি বিশেষ দল বারিধারা ডিওএইচএসের ৬ নম্বর সড়কের ৩৯৩ নম্বর বাসায় অভিযান চালায়। অভিযানকালে বাসাটি থেকে নজরুল ইসলাম হিরুকে আটক করা হয়।
এসআরবি কর্মকর্তারা জানান, তার বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। গ্রেফতারের পর পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের জন্য তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম হিরু নরসিংদী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন। তিনি ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত নরসিংদী-১ আসন থেকে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হন। এ ছাড়া ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি পানিসম্পদ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।