আগামী ১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির প্রতিবাদে ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেল শোডাউন ও অবস্থান কর্মসূচি পালন করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।আজ

আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলের নেতৃত্বে ভাঙ্গা পৌরসভার দক্ষিণপাড় বাসস্ট্যান্ড এলাকা থেকে মোটরসাইকেল নিয়ে শোডাউন বের করা হয়। শোডাউনটি ঢাকা-খুলনা মহাসড়কসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বিটু মুন্সী, পৌর বিএনপির আহ্বায়ক এম এ ওদুদ, সদস্যসচিব জাকির হোসেন, উপজেলা যুবদলের সভাপতি ওসমান মুন্সী, সাধারণ সম্পাদক গোলাম আজম, পৌর যুবদলের সভাপতি নাজমুল হাসান ও সাধারণ সম্পাদক শাওন বিশ্বাসসহ বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ ছাড়া সদরপুর ও চরভদ্রাসন উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও কর্মসূচিতে অংশ নেন। কর্মসূচি থেকে নেতারা জানান, আগামী ১৯ নভেম্বর পর্যন্ত ভাঙ্গা উপজেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অবস্থান কর্মসূচি পালন করবেন তারা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচির নামে কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি হলে তা প্রতিহত করার ঘোষণা দেন তাঁরা।