ফরিদপুরের সালথা উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সহসভাপতি এ এস এম ফেরদাউসকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর দুইটার দিকে উপজেলার সালথা থানা রোড এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত এ এস এম ফেরদাউস সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর গ্রামের বাসিন্দা মতিয়ার বিশ্বাসের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের শাসনামলে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি হিসেবে নিজ এলাকায় তার বেশ প্রভাব ছিল। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আত্মগোপনে চলে যান। দীর্ঘদিন পলাতক থাকার পর সম্প্রতি তিনি গোপনে নিজ গ্রামের বাড়িতে ফিরে আসেন। মঙ্গলবার দুপুরে বাড়ি থেকে বের হয়ে সালথা থানা রোড এলাকায় ঘোরাফেরা করার সময় স্থানীয়রা তাকে চিনতে পেরে পুলিশে খবর দেন। পরবর্তীতে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেফতার করে।

এদিকে ফেরদাউসের পরিবারের সদস্যরা জানিয়েছেন, রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী ব্যাংকে ‘ম্যানেজার’ পদে তার চাকরি চূড়ান্ত হয়েছিল। আগামী কয়েক দিনের মধ্যেই তার কর্মস্থলে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু চাকরিতে যোগদানের ঠিক আগমুহূর্তেই পুলিশের হাতে গ্রেফতার হলেন তিনি।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান জানান, “গ্রেফতারকৃত এ এস এম ফেরদাউসের বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।”