ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফরিদপুরে জেলা প্রশাসন ও পৌরসভার মধ্যে এক ব্যতিক্রমী ও আনন্দঘন প্রীতি প্রদর্শনী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় জেলা প্রশাসন দলকে ১-০ গোলে হারিয়ে জয়লাভ করেছে পৌরসভা দল। খেলার দ্বিতীয়ার্ধে পৌরসভা দলের পক্ষে একমাত্র জয়সূচক গোলটি করেন সবুজ।
আজ শনিবার ৭ নভেম্বর বিকেলে অনুষ্ঠিত এই প্রদর্শনী ম্যাচকে ঘিরে খেলোয়াড় ও দর্শকদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। মাঠের লড়াইয়ে উভয় দলের প্রায় ৫০ জন করে খেলোয়াড় অংশ নেন। ৮ বছর বয়সী শিশু থেকে শুরু করে ৬০ বছরের বেশি বয়সী প্রবীণ খেলোয়াড়দের মাঠে নামায় ম্যাচটি এক অনন্য ও ব্যতিক্রমী উৎসবে রূপ নেয়।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সোহরাব হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু বিশ্বাস, জেলা তথ্য অফিসের কর্মকর্তা মো. মোজাম্মেল হক, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এ এস এম মইনুল হোসেন এবং ফরিদপুর পৌরসভার প্রশাসক মো. ইলিয়াছুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা তানজিলুর রহমান, নির্বাহী প্রকৌশলী শামসুল আলম, হিসাবরক্ষণ কর্মকর্তা গোবিন্দ চন্দ্র মণ্ডল, জেলা ক্রীড়া কর্মকর্তা আল আমিন খন্দকার, জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্যসচিব মতিয়ার রহমান মোকসেদ ও সদস্য আলী রেজওয়ান বিশ্বাস তরুণসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় এই ম্যাচটি সফলভাবে পরিচালনা করেন রেফারি জহিরুল ইসলাম জিননাহ, প্রিয়ন্তি দে ও মোঃ আশরাফ।
খেলা শেষে উভয় দলের খেলোয়াড় ও কর্মকর্তারা এই ব্যতিক্রমী আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা জানান, বয়সের ব্যবধান ভুলে খেলাধুলার মাধ্যমে সৌহার্দ্য, সম্প্রীতি ও মেলবন্ধন গড়ে তোলার এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।