ফরিদপুর জেলা পুলিশের নারী ও শিশু হেল্প ডেস্কের সফল মধ্যস্থতায় স্বামীর সংসারে ফিরেছেন সোহানা। একই সঙ্গে মায়ের কোলে ফিরে পেয়েছে আড়াই বছর বয়সী অবুঝ সন্তান।
আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) জেলা পুলিশের মিডিয়া অ্যান্ড পিআর বিভাগ এ তথ্য জানায়।
পুলিশ সূত্রে জানা যায়, বোয়ালমারী উপজেলার ঘোষপুর গ্রামের সোহানার সঙ্গে নগরকান্দা উপজেলার ভাটপাড়া গ্রামের নাজমুলের বিয়ের পর থেকেই পারিবারিক কলহ শুরু হয়। কয়েক বছর পর সন্তানকে রেখে সোহানাকে তালাক দেওয়া হয়। পরবর্তীতে পুনরায় বিয়ে করে তাকে সংসারে ফিরিয়ে নেওয়া হলেও গত ৩১ অক্টোবর সকালে নাজমুল তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন। এ সময় তাদের ২ বছর ৮ মাস বয়সী সন্তানকেও আটকে রাখা হয়।

এ ঘটনায় ন্যায়বিচারের আশায় পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজীর কাছে লিখিত অভিযোগ করেন সোহানা। পুলিশ সুপার অভিযোগটি গুরুত্বের সঙ্গে নিয়ে জেলা পুলিশের নারী ও শিশু হেল্প ডেস্কে পাঠান।
পরে হেল্প ডেস্কের কর্মকর্তারা উভয় পক্ষকে ডেকে আইনি ও মানবিক কাউন্সেলিং করেন। পুলিশের মধ্যস্থতায় নাজমুল ও তার পরিবারের সদস্যরা নিজেদের ভুল স্বীকার করে ভবিষ্যতে আর কোনো নির্যাতন বা হয়রানি করবেন না বলে অঙ্গীকার করেন। একই সঙ্গে মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয় শিশুটিকে।
জেলা পুলিশের তাৎক্ষণিক ও মানবিক উদ্যোগে সোহানা তার সন্তানকে ফিরে পাওয়ার পাশাপাশি সংসারে ফেরার সুযোগ পেয়েছেন।