বিদ্যুৎ অপচয় ও অবৈধ ব্যবহার রোধে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে নৈশ অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে সমিতির সদর দপ্তর, জোনাল ও সাব-জোনাল অফিসের ৯টি দল বিভিন্ন এলাকায় এ অভিযান চালায়।
অভিযানকালে আবাসিক মিটার দিয়ে বাণিজ্যিক কাজে বিদ্যুৎ ব্যবহার, রাস্তার বাতি, অটোরিকশা চার্জিং, গ্যারেজ ও ফুটপাতের বিদ্যুৎ সংযোগ এবং অটো চার্জিং স্টেশনের মিটার পরীক্ষা করা হয়।

এ সময় নগরকান্দা জোনাল অফিসের আওতাধীন এলাকায় সার্ভিস ড্রপ ছিদ্র করে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের দায়ে সংযোগ বিচ্ছিন্ন ও মিটার খুলে আনা হয়। এছাড়া সদরপুর সাব-জোনাল অফিসের আওতাধীন এলাকায় দুটি পার্শ্ব সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
রাত ৮টার পর মার্কেট ও দোকান খোলা রাখায় ১৬টি মার্কেট ও দোকানের মালিককে সতর্ক করা হয়।
ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার মো. আকমল হোসেন জানান, অবৈধ বিদ্যুৎ ব্যবহার প্রতিরোধ এবং বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।