ফরিদপুরের কোমরপুরে আগামী ১৮ নভেম্বর থেকে শুরু হচ্ছে ২৪ প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞ ও অষ্টকালীন লীলা কীর্তন। বিশ্ব মানবতার কল্যাণ এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় পারচর সার্বজনীন মহানামযজ্ঞ উদ্যাপন কমিটির উদ্যোগে এ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
কোমরপুরের পারচর ব্যাপারীবাড়ি শিবমন্দির প্রাঙ্গণে ১৮ নভেম্বর বুধবার রাত ৮টায় শ্রীমদ্ভাগবত পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হবে। ১৯ নভেম্বর ধর্মীয় অনুষ্ঠান, ভাগবত পাঠ, মঙ্গলঘট স্থাপন ও শুভ অধিবাস অনুষ্ঠিত হবে। ২০, ২১ ও ২২ নভেম্বর টানা ২৪ প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম সংকীর্তন অনুষ্ঠিত হবে।
২৩ নভেম্বর শ্রীশ্রী রাধাগোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন পরিবেশিত হবে।
২৪ নভেম্বর মঙ্গলবার প্রাতে কৃষ্ণভঙ্গ, নগর কীর্তন, জলকেলী, মহাপ্রভুর ভোগরাগ ও মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।
অনুষ্ঠানে ফরিদপুর, রাজশাহী, খুলনা, যশোর, মাদারীপুর, কিশোরগঞ্জ সহ দেশের বিভিন্ন এলাকার কীর্তনীয়া ও শিল্পীরা অংশ নেবেন। ভারতের শিল্পী শ্রী সুকুমার শাস্ত্রীও অষ্টকালীন লীলা কীর্তন পরিবেশন করবেন।
অনুষ্ঠানের প্রতিষ্ঠাতা স্বর্গীয় অনিল সাধু। আয়োজক কমিটির পক্ষ থেকে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সবাইকে অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়েছে।