ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে যত্রতত্র ময়লা-আবর্জনা, পলিথিন, প্লাস্টিকের বোতল ও ব্যবহৃত বর্জ্য পড়ে থাকায় অপরিচ্ছন্ন পরিবেশের সৃষ্টি হয়েছে। পাশাপাশি নালা-নর্দমার আশপাশে ময়লা জমে থাকা এবং বিভিন্ন স্থানে পানি জমে থাকার কারণে এডিস মশার প্রজননস্থল তৈরির আশঙ্কা দেখা দিয়েছে।হাসপাতালের ভেতরে ও আশপাশে অপরিচ্ছন্ন পরিবেশ এবং জমে থাকা পানির কারণে ডেঙ্গু মশার বিস্তার ঘটতে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনরা।
তাদের অভিযোগ, চিকিৎসাসেবা নিতে এসে হাসপাতালেই যদি মশাবাহিত রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি তৈরি হয়, তাহলে তা অত্যন্ত উদ্বেগজনক। বিশেষ করে ডেঙ্গুর মৌসুমে হাসপাতাল এলাকায় এমন পরিবেশ রোগী ও স্বজনদের স্বাস্থ্যঝুঁকি বাড়াতে পারে।


রোগী ও স্বজনরা জরুরি ভিত্তিতে হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে পুরো হাসপাতাল প্রাঙ্গণ ও আশপাশে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, জমে থাকা পানি অপসারণ এবং নিয়মিত মশক নিধন কার্যক্রম চালুর দাবি জানিয়েছেন।