ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের ১৭৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানের রেজিস্ট্রেশনের সময়সীমা আরও ১০ দিন বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১০ নভেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে।
গত ১ আগস্ট থেকে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়। ৩১ অক্টোবর ছিল নিবন্ধনের শেষ দিন। তবে অনেক প্রাক্তন শিক্ষার্থী এখনো নিবন্ধনের আগ্রহ প্রকাশ করায় উদযাপন কমিটি সময় বাড়ানোর সিদ্ধান্ত নেয়। এ পর্যন্ত প্রায় ১ হাজার ২০০ প্রাক্তন শিক্ষার্থীর রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে।
আগামী ১৮ ও ১৯ ডিসেম্বর দুই দিনব্যাপী ১৭৫ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে থাকবে বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন। প্রথম দিন সংগীত পরিবেশন করবেন ফজলুর রহমান বাবু, পাগলা বাবলুসহ বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন কৃতী শিল্পীরা। দ্বিতীয় দিন মঞ্চ মাতাবে জনপ্রিয় মাইলস ব্যান্ডসহ একাধিক উদীয়মান শিল্পী ও ব্যান্ড।
উদযাপন কমিটির আহ্বায়ক প্রকৌশলী মো. সাঈদুর রহমান (সাঈদ) ও সদস্য সচিব সৈয়দ আবদুল আউয়াল নান্না বর্ধিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে প্রাক্তন শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন। তারা বলেন, ১৭৫ বছরের ঐতিহ্য ও স্মৃতির এই মহামিলনে বিদ্যালয়ের প্রতিটি ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণ প্রত্যাশা করছেন তারা।