ফরিদপুরের বোয়ালমারীতে বাবার অটোভ্যান চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে বাইজিদ মুন্সি (১০) নামে এক কিশোরের ‌ মৃত্যু হয়েছে।
গতকাল শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার দাদপুর ইউনিয়নের খলিফাপাড়া ঈদগাহ মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাইজিদ উপজেলার মিঠাপুর গ্রামের মিল্টন মুন্সির ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাইজিদ তার মাকে সঙ্গে নিয়ে বাবার অটোভ্যান চালিয়ে বাড়ি থেকে দাদপুর যাচ্ছিল। পথে খলিফাপাড়া ঈদগাহ মোড়ে পৌঁছালে অটোভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি পিলারের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এ সময় বাইজিদ ও তার মা রাস্তার পাশের খাদে পড়ে যান। অটোভ্যানটি বাইজিদের ওপর পড়ে তার ডান পাঁজরে গুরুতর আঘাত লাগে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।